
বাবার সঙ্গে ভোলায় বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়েছিলেন দুই ছেলে। তবে আকস্মিক ঝড়ে ডুবে যায় তাঁদের নৌকা। এরপর তিনজনই সাঁতার কেটে তীরে ফেরার চেষ্টা করলেও বাবা নুরে আলম মাঝপথেই প্রাণ হারান। পরে দুই ছেলে প্রায় ২ ঘণ্টা সাঁতরে বাবার নিথর দেহ নিয়ে ফেরেন তীরে।
মর্মান্তিক এ ঘটনা ঘটেছে শুক্রবার রাতে ভোলার চরফ্যাশনের বয়ার চর সংলগ্ন এলাকায়। এ ঘটনায় মৃত নুরে আলম (৪৫) চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার চর মানিকা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্বজনরা জানান, নুরে আলম বৃহস্পতিবার দুই ছেলে শাহিন ও শাকিলকে নিয়ে মাছ ধরতে সাগরে যান। শুক্রবার রাতে প্রবল ঝড়ের কবলে পড়ে তাঁদের নৌকা। উত্তাল সাগরে একপর্যায়ে নৌকাটি উল্টে যায়। ওই সময় জীবন বাঁচাতে তিনজনই সাঁতার কাটতে শুরু করেন। তবে কিছুক্ষণ পরই নুরে আলম অচেতন হয়ে পড়েন। পরে বাবার মৃতদেহ নিয়েই প্রায় ২ ঘণ্টা সাঁতরে তীরে আসে দুই ভাই।
দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন